খেলাধুলা

তামিমের অনুরোধ বিবেচনায় রূপগঞ্জ, মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন আসরের দলবদল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ এপ্রিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, লিগের ১২টি দলই এতে অংশ নিবে। যদিও গত কয়েকদিন ধরেই গুঞ্জন আছে, লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন এবার লিগে খেলতে চায় না।

তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলকে অনুরোধ করেছেন লিগে অংশ নিতে। জাগো নিউজকে বাদল নিজে এটা নিশ্চিত করেছেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের অধীনে টানা ৬ মাস ঘরোয়া ক্রিকেট বয়কট করেছে ঢাকার শীর্ষ ৩৯টি ক্লাব। তবে তদন্তে নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

এরপর অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোর শুরু করেন তামিম। শুরুতেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন তিনি। তবে সেদিন লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন হাজির হয়নি। পরে জানা যায়, দুটি ক্লাবই এবার লিগে অংশ নিতে ইচ্ছুক নয়।

তবে বিসিবির দলবদলের তালিকায় ঠিক আছে দুটি ক্লাবের নাম। এ প্রসঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান বাদল বলেন, ‘থাকাটাই তো স্বাভাবিক। আমরা তো আসলে মাঠে না নামা পর্যন্ত বলতে পারছি না কী হবে। মাঠে যেদিন নামবো ঐ দিন পর্যন্ত তো নাম থাকবেই।’

তাহলে কি সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন? এমন প্রশ্নের জবাবে বাদল জানান, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে মিটিংয়ের পর সিদ্ধান্ত নেবেন কী করবেন। এর আগে তাকে কল দিয়ে লিগে অংশ নেওয়ার জন্য অনুরোধও করেছেন তামিম।

বাদল বলেন, ‘এখনো কিছুই চূড়ান্ত করিনি। আমরা সবসময় চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো দল বানাই। এবার সবাইকে আমি ছেড়ে দিয়েছি। গত ১৩ তারিখে (এপ্রিল) আমাকে প্রেসিডেন্ট সাহেব ফোন দিয়েছিলো। এ কারণে আমি এখন বিবেচনায় নিচ্ছি এই আরকি। উনি অনুরোধ করেছে (লিগে অংশ নিতে)। বলেছে, আমি ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ছিলাম, আছি। এরপর আমি তাকে বলেছি যে ঠিক আছে আমি দেখবো কি অবস্থা। মানে আলোচনায় বসবো, সিদ্ধান্ত নিবো তারপর।’

গত আওয়ামী লীগ সরকারের সময় বাদলকে আজীবন নিষিদ্ধ করে নাজমুল হোসেন পাপনের বোর্ড। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ প্রতি আসরেই অংশ নিয়েছে। তাহলে এখন লিগে না খেলতে চাওয়ার কারণ কী? এই প্রশ্নে বাদল বলেন, ‘সবাই জানে আমি দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সঙ্গে আছি; সংগঠক হিসেবে কী কী করেছি ক্রিকেটের জন্য। তবে আমার মনে হয় ওইভাবে কোথাও আমার মূল্যায়ন হয়নি।’

এসকেডি/এমএমআর