খেলাধুলা

রাফিনহার অভিযোগ- ‘বার্সেলোনার কাছ থেকে ম্যাচটা ছিনতাই করা হয়েছে’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই বার্সেলোনার দু’জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হলো বার্সেলোনাকে।

অ্যাটলেটিকোর কাছে বার্সার বিদায়ের পর রেফারিঙ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন দলটির ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। সরাসরি অভিযোগ করেন, তাদের দলকে ‘ছিনতাই করে হারানো হয়েছে’।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বার্সেলোনা। যদিও মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় পেয়েছিল কাতালানরা, তবুও প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের।

ইনজুরির কারণে ম্যাচে খেলতে না পারলেও দলকে সমর্থন দিতে মাদ্রিদে ম্যাচের সময় উপস্থিত ছিলেন রাফিনহা। ম্যাচ শেষে তিনি রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন। তার ভাষায়, ‘ম্যাচটা পুরোপুরি ছিনতাই হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আমি জানি না অ্যাটলেটিকো কতগুলো ফাউল করেছে, কিন্তু তাদের কাউকেই হলুদ কার্ড দেখানো হয়নি।’

ম্যাচে শুরুটা ছিল বার্সার জন্য দারুণ। তরুণ লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেসের গোল ম্যাচে ফিরিয়ে আনে বার্সাকে। তবে অ্যাদেমোলা লুকম্যানের গোল শেষ পর্যন্ত টাইয়ের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং অ্যাটলেটিকোকে সেমিফাইনালে তুলে দেয়, যেখানে তারা মুখোমুখি হবে আর্সেনাল অথবা স্পোর্টিং সিপির।

ম্যাচের শেষদিকে আরেকটি বিতর্কিত মুহূর্ত আসে, যখন এরিক গার্সিয়াকে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করার কারণে লাল কার্ড দেখানো হয় অ্যালেকজান্ডারের ওপর ট্যাকলের জন্য। এতে বার্সার অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

প্রথমার্ধে দানি ওলমোর ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির দাবি করেছিল বার্সা, তবে রাফিনহা নির্দিষ্ট কোনো একটি সিদ্ধান্তের কথা না বললেও সামগ্রিকভাবে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে প্রথম লেগেও রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিল বার্সা। তারা উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল- সেখানে পেনাল্টি না দেওয়া এবং মার্ক পুবালিকে লাল কার্ড না দেখানোর বিষয়ে আপত্তি জানানো হয়। তবে মঙ্গলবারই উয়েফা সেই অভিযোগ ‘অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দেয়।

রাফিনহা বলেন, ‘একবার ভুল হওয়া মানবিক; কিন্তু আরেক ম্যাচেও একই ঘটনা? আমরা খুব ভালো খেলেছি, তবে এই টাই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের ম্যাচ জিততে তিনগুণ বেশি পরিশ্রম করতে হয়- কেন এমন হচ্ছে বুঝতে চাই। মনে হয় রেফারি ভয় পাচ্ছিলেন বার্সা এগিয়ে গেলে।’

পরিসংখ্যানের দিক থেকেও ম্যাচে এগিয়ে ছিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে তাদের অন টার্গেট শট ছিল ১৫টি, যেখানে অ্যাটলেটিকোর ছিল ৮টি। প্রত্যাশিত গোল হিসাবেও এগিয়ে ছিল বার্সা- ৩.৩৮, যেখানে অ্যাটলেটিকোর ২.০৮। তবুও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাদের।

বার্সার কোচ হান্সি ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘আজ আমরা দারুণ প্রথমার্ধ খেলেছি। আরও গোল করা সম্ভব ছিল। দুই ম্যাচ বিচার করলে আমরা সেমিফাইনালে যাওয়ার যোগ্য ছিলাম। তবে ফল মেনে নিতে হবে। খেলোয়াড়দের মানসিকতা ও পারফরম্যান্সে আমি গর্বিত।’

এর আগে গত মাসে কোপা দেল রে থেকেও অ্যাটলেটিকোর কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। তবে মৌসুম এখনো শেষ হয়নি। জানুয়ারিতে স্প্যানিশ সুপারকোপা জয় করেছে দলটি এবং লা লিগায় ৭ ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা।

ফ্লিক বলেন, ‘এখন আমাদের লক্ষ্য লা লিগা জয়। আমরা সঠিক পথেই আছি, তবে কাজ শেষ হয়নি। আজকের মতো খেলতে হবে বাকি ম্যাচগুলোতেও। হতাশা থাকাটা স্বাভাবিক- চ্যাম্পিয়ন্স লিগ জয় করা ছিল বড় স্বপ্ন। আমাদের শিখতে হবে এবং উন্নতি করতে হবে। দলটি তরুণ, তারা ভবিষ্যতে আরও ভালো করবে। এটা ফুটবল, এটা জীবন- আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

আইএইচএস/