ইরাকে ইসলামিক স্টেটের দখলকৃত এলাকায় ৫০টির বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। জাতিসংঘের বিশেষ দূত জান কুবিস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। কুবিশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, আইএস যে ঘৃণ্য অপরাধ করেছে সে সম্পর্কে তাদের কাছে প্রমাণ আছে। কয়েক মাস আগে আইএসের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনর্দখল করে নেয়ার পর ওই গণকবরগুলোর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে রামাদি শহরে যেসব গণকবরের সন্ধান পাওয়া গেছে সেখানে ৪০টির মত মৃতদেহ ছিল। ওই এলাকা এখন পুরোপুরি সরকার বাহিনীর হাতে চলে গেছে। সরকার বাহিনী ওই এলাকা পুনর্দখলের পরপরই সেখানে পুতে রাখা বোমা নিষ্ক্রিয় করার জন্য পরিচালিত অভিযানের সময় গণকবরগুলোর সন্ধান পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উত্তরাঞ্চলীয় সিনজার, পশ্চিমাঞ্চলীয় ইরাক এবং উত্তরাঞ্চলীয় তিকরিত এলাকার গণকবরগুলোতেও বহু মৃতদেহ পাওয়া গেছে। আইএস অধ্যুসিত সিরিয়ার বিভিন্ন এলাকাতেও গণকবরের সন্ধান পাওয়া গেছে। টিটিএন/এমএস