অর্থনীতি

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) নির্মিত গ্যাসভিত্তিক সিদ্ধিরগঞ্জ (২x১২০) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ নির্ধারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।লেভেলাইজড ট্যারিফ ৮ বছর ৬ মাস ৩ দিনের মেয়াদের জন্য নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৩ হাজার ৮৮০ কোটি ২ লাখ টাকা।

বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ইজিসিবি কর্তৃক পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে (২x১২০) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যুৎকেন্দ্রটি ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

এ বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমন্ট ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় বাবিউবোর কাছে বিক্রি করছে ইজিসিবি। বিদ্যুৎ কেন্দ্রের লেভেলাইজড ট্যারিফ বিভিন্ন সময় পরিবর্তিত হয়। বাবিউবোর বোর্ড সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিদ্যমান লেভেলাইজড ট্যারিফ, কিলোওয়াট ঘণ্টা ৩ দশমিক ৩৭৩৪ টাকার পরিবর্তে পুনর্নির্ধারিত ট্যারিফ ৩ দশমিক ৩৬৬৪ টাকা র্নিধারণের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

পুনর্নির্ধারিত ট্যারিফ অনুমোদিত হওয়ায় বাবিউবো বছরে প্রায় ১ দশমিক ০৩৪ কোটি টাকা সাশ্রয় হবে। বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারের আনুমানিক ২৩ হাজার ৮৮০ কোটি ২ লাখ পরিশোধ করতে হবে।

ইজিসিবি হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মালিকানার ৯৫ দশমিক ৮০ শতাংশ হলো বিদ্যুৎ বিভাগের এবং ৪ দশমিক ২০ শতাংশ হলো বাবিউবো। এর অর্জিত লভ্যাংশ সরকারের লভ্যাংশ হিসেবে বিবেচিত। পুনর্নির্ধারিত ট্যারিফ আগস্ট/২০২৫ সালের আগস্ট থেকে কার্যকর হবে।

এদিকে, বৈঠকে গাইবান্ধা জেলায় তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের পূর্ত কাজের দ্বিতীয় ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

সূত্র জানায়, ‘গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলার সদরদপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের’ পূর্ত কাজ ২০২০ সালের ১৭ জুন তারিখের সিসিজিপি সভার অনুমোদনক্রমে চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড, চায়না’র কাছ থেকে ৩৬৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৯০৬ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়।

পরবর্তীতে, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তারিখের সিসিজিপি সভার অনুমোদনক্রমে প্রথম ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৬ টাকার ক্রয় চুক্তি সম্পাদিত হয়। পূর্ত কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত কিছু আইটেম বৃদ্ধি এবং টেন্ডার বহির্ভূত কিছু আইটেম অন্তর্ভুক্ত হওয়ায় দ্বিতীয় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৩ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৪৯ টাকা।

এমএএস/এমএএইচ/